21/09/2026
নড়াইলের লোহাগড়ায় ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি সম্রাট নামের এক যুবক গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় বিশেষ অভিযান চালিয়ে সম্রাট ঘোষ (৪০) নামে চারটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সম্রাট ঘোষ লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের মনি কান্ত ঘোষের ছেলে।
রোববার (২০ সেপ্টেম্বর) লোহাগড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে লোহাগড়া থানার এএসআই মো. হযরত আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্রাট ঘোষের বিরুদ্ধে আদালতের বিভিন্ন মেয়াদের চারটি সাজা পরোয়ানা এবং একটি সিআর পরোয়ানা ছিল। অভিযানকালে এসব পরোয়ানা তামিল করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লোহাগড়া থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।